রাহুল শ্রেয়াসকে নিয়েই ভারত দল

চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। ঠিক সময়ে সেরে ওঠায় এই দুজনকে নিয়েই এশিয়া কাপের দল দিয়েছে ভারত। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে ভারত। সুযোগ পেয়েছেন এখনো ওয়ানডে অভিষেক না হওয়া ব্যাটিং অলরাউন্ডার তিলক ভার্মা।

চোটের কারণে আইপিএলের পর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি লোকেশ রাহুল। আর গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর থেকে বাইরে আছেন আইয়ার। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলছেন জাসপ্রিত বুমরাহ। এশিয়া কাপ দিয়ে ওয়ানডে দলেও ফিরেছেন তিনি। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসিদ্ধ

কৃষ্ণাও আছেন দলে। ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা মোহাম্মদ শামি। সঞ্জু স্যামসন থাকছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, ইশান কিশান, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।