যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর আর নেই

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী।

অসুস্থ অবস্থায় মঙ্গলবার (২২ আগস্ট) মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমানের স্ত্রী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে মিরপুরের বাসায় তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র রিপোর্টার হাবিব যুগান্তর পত্রিকার বিএনপি বিটের সংবাদ কভার করতেন। তার মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।