ঢাকায় ‘নুসুক’ প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। এর ফলে পবিত্র হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিরা আরও সহজে সৌদি আরব যেতে পারবেন। তাছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
আগামীকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকায় নুসুকের একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সৌদি আরবের পর্যটন কর্র্তৃপক্ষ। এ খবর দিয়েছে সৌদি গণমাধ্যম আরব নিউজ।
খবরে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী তাওফিক আল-রাবিয়ার নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধিদল আগামী ২৪ ও ২৫ আগস্ট ঢাকা সফর করবেন। সেই সময়ে তিনি বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নুসুক প্রেসিডেন্ট আল হাসান আলদাববাগ আরব নিউজকে বলেন, বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এমনকি এ অঞ্চলের শীর্ষ পাঁচটি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। তাই ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ করতে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশো করা হবে।
আলদাববাগ আরও বলেন, সৌদি ভিশন-২০৩০ অর্জনের পথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নুসুক মূলত হজ, ওমরাহ ও সাধারণ পর্যটকদের সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করার একটা প্ল্যাটফর্ম। সৌদির এই অনলাইন প্ল্যাটফর্ম একটি ডিজিটাল পাসপোর্ট হিসেবে কাজ করে। এতে প্লেনের টিকিট, হোটেল ভাড়া ইত্যাদি সব আগে থেকে ঠিক করা যায়। কয়েক বছর আগে এটি চালু করে সৌদি আরব।
ঢাকায় এ প্ল্যাটফর্ম চালু হলে তৃতীয় পক্ষ বা কোনো এজেন্সির সহায়তা ছাড়াই বাংলাদেশিরা হজ, ওমরাহ পালন কিংবা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব সফর করতে পারবেন।
বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৩ লাখ ৩২ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছে সৌদি আরব। যা বছরের এই সময় পর্যন্ত দেশটির লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ বেশি।
চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৭ লাখ বাংলাদেশি সৌদি আরব সফর করবেন বলে আশা করছে রিয়াদ। ২০৩০ সালের মধ্যে বছরে সৌদি আরব সফরকারী বাংলাদেশির সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
আরব নিউজ আরও জানিয়েছে, ব্যক্তিগত ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা ভ্রমণকারীরা ওমরাহ পালন করতে পারবেন। একইসঙ্গে ওই একই ভিসাতে উপসাগরীয় এই দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা স্থানসহ বিভিন্ন পর্যটন গন্তব্যও ভ্রমণ করতে পারবেন তারা।