তারকার স্ট্যাটাস

গেল সন্ধ্যায় হঠাৎ করেই আমার বড় খোকা প্রশ্ন করে, ‘মা, এই যে আমি তুমি বসে আছি পাশাপাশি, একটু পরেই কি এই সময়টা স্মৃতি হয়ে যাবে?’ খোকার প্রশ্নে অবাক আমি এমন করে আমিও তো কখনো ভেবে দেখিনি, সত্যি-ই, সময় কেমন মুহূর্তেই হাত গলিয়ে শূন্যে উধাও হয়। যত চেষ্টাই করি না কেনো মুঠোয় ধরে রাখা যায় না, এখন যা বর্তমান, এক পলক বাদেই তা অতীত স্মৃতি। প্রথম ছবিটা ২০২০ সালের ১৩ আগস্টের, আমার নানুর সঙ্গে উদযাপিত আমার শেষ জন্মদিনের আর পরের সবগুলো ছবি ২০২৩ সালের ১৪ আগস্টের। ১৩ আগস্ট ছিল আমার জন্মদিন। কেক কাটা পর্ব ১৪ আগস্ট পর্যন্ত গিয়ে ঠেকেছিল। আমার সৌভাগ্য  হয়ে এবার পাশে ছিল আমার ভাই আর তার পরিবার। এসব হাসি, উচ্ছ্বাস, আনন্দ, অনুভূতি। আপনজনদের নিঃশ্বাসের কাছাকাছি জড়িয়ে রাখা, এতো এতো কোলাহল, এখন সবই কেবল সুখ স্মৃতির  অ্যালবাম, তবু শব্দের কুহক নিঃসঙ্গতায় প্রতিদ্বন্দ্বী হয়ে কানে বাজে।

আমার জন্মদিনে পাওয়া এত এত ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানে আমি আবেগাপ্লুত। আজন্ম ঋণী সকলের কাছে এমন মোহময় জীবন প্রাপ্তিতে। কৃতজ্ঞ আমি স্রষ্টার কাছে, এক জীবনে এর চেয়ে ঢের বেশি কিছু আর চাইবার নেই।

গতকাল নিজের ফেসবুকে এরকম একটি স্ট্যাটাস শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি