মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারীতে ওমএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। হাসাইল-বানারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিএম ইকবাল ও তার বড় ভাই মো. ইব্রাহিমের বিরুদ্ধে এ অভিযোগ করেন উপকারভোগীরা। তাদের অভিযোগ, গতকাল মঙ্গলবার হাসাইল বাজারে ওএমএসের চাল বিতরণকালে ৬০ কেজির বদলে তাদের ৫০ কেজি করে দেওয়া হয়। যদিও টাকা পুরো ৬০ কেজি চালেরই নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই ইব্রাহিমের নামে ওএমএসের চালের ডিলার নেওয়া হলেও সবকিছু নিয়ন্ত্রণ করেন যুবলীগ নেতা জিএম ইকবাল। গতকাল সকাল ৯টার দিকে হাসাইল বাজারে উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ শুরু করেন ইকবাল। এদিন ইউনিয়নের ৩৬৭ জন উপকারভোগীর মধ্যে ২১৭ জনের মধ্যে চাল বিতরণ করা হয়। এদের বেশির ভাগই ৬০ কেজির বদলে ৫০ কেজি চাল পেয়েছেন। অথচ তাদের কাছ থেকে ১৫ টাকা কেজি দরে ৬০ কেজির দাম ৯০০ টাকাই নেওয়া হয়েছে।
ইউনিয়নের পদ্মা চরের বানারী গ্রামের উপকারভোগী রহিমা আক্তার (৫২) বলেন, ‘এক মাস পরপর চাল আনি। প্রতিবারই কোনো না কোনো অনিয়ম করে। আজ ১০ কেজি চাল কম দিছে। টাকা নিছে ৬০ কেজিরই। বলছে ১০ কেজি পরে দিব।’
একই গ্রামের উপকারভোগী বাদশা মিয়াও (৫৫) একই অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা জিএম ইকবাল বলেন, ‘অতিরিক্ত ভিড় থাকায় ৫০ কেজি চাল দেওয়া হয়েছিল। পরে ১০ কেজি নিতে বলা হয়েছে। ভিড় কমে গেলে পরে তাদের ১০ কেজি ফেরত দেওয়া হয়েছে।’
উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার বলেন, ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।