চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাতিলা সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাতিলা ঈদগাহ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ এলাকায় অবস্থান নেয়। বিকেল ৫টায় এক ব্যক্তি মোটরসাইকেলে করে পাতিলা ঈদগাহ পার হয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেন। একপর্যায়ে বিজিবি সদস্যরা মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কাপড়ের তৈরি বেল্টটি খুলে যায়। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বেল্টের ভেতর থেকে পাঁচ কেজি ৪৭৮ গ্রাম ওজনের মোট ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেন।