জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের আবেদন শুনানি বৃহস্পতিবার

জামায়াতে ইসলামীর সমাবেশ ও কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের ওপর শুনানি হবে আগামী বৃহস্পতিবার। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করার আদেশ চেয়ে ওই আবেদনটি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আবেদন শুনানির জন্য দিন ধার্য করে। আবেদনকারী আইনজীবী তানিয়া আমীর দেশ রূপান্তরকে বলেন, মামলাটি কার্যতালিকায় ২২ নম্বর ক্রমিকে ছিল। আদালত ‘নট টু ডে’ বলে বৃহস্পতিবার শুনানির জন্য ধার্য করেন।

গত ২৬ জুন বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে আপিল বিভাগে এ আবেদনটি করেন তানিয়া আমীর। জামায়াতের বিরুদ্ধে এ মামলায় ইতিমধ্যে দেশের বিভিন্ন পেশার ৪৩ বিশিষ্ট নাগরিক পক্ষভুক্ত হয়েছেন। প্রসঙ্গত, জামায়াতের নিবন্ধন চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়ে ৯ বছরের বেশি সময় আগে হাইকোর্ট তাদের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিল এখনো বিচারাধীন।