মুক্তিযোদ্ধার জমি দখল করে প্রাণনাশের হুমকি

কুমিল্লার দাউদকান্দিতে মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের মৃত আবদুল হক ভূঁইয়ার ছেলে মুক্তিযোদ্ধা আবদুল বাতেন ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে ছিলাম। এই সুযোগে প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে সিদ্দিকুর রহমান ও তার ভাই-ভাতিজারা মিলে আমার বসতবাড়ির জায়গা দখল করে রেখেছে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান সামাজিকভাবে সালিশ বৈঠক করে আমার জায়গা বুঝিয়ে দেন। কিন্তু দখলদাররা চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক আমার জায়গায় ঘর নিয়ে আসে। আমি বাড়ির কাজ করতে গেলে সিদ্দিক তার ভাড়া করা লোকসহ কাজে বাধা দেয়। আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। আর বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেয়।’

অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান বলেন, ‘জায়গা নিয়ে দীর্ঘদিন বাতেন ভূঁইয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। তিনিই লোকজন ভাড়া করে আমাকে ও আমার ভাতিজাকে মারার চেষ্টা করছে।’