সুইডেনের স্টকহোমের বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের ৩২তম বৈদেশিক মিশন হিসেবে গতকাল বৃহস্পতিবার সেখানে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০২০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন করা হয়। ওই বছরের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘ই-পাসপোর্ট বাংলাদেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদান হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফসল। বাংলাদেশ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্দী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মোসাম্মৎ সাহানারা খাতুন, ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক এবং সুইডেনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি গত ১৮ আগস্ট বেলজিয়ামের ব্রাসেলস দূতাবাসে ৩১তম বৈদেশিক মিশন হিসেবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন।