পুকুরে ভাসছিল দুই শিশুর মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ীতে সাদিয়া আক্তার রুম্পা (১০) ও রাদিয়া মনি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার রুম্পা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে ও রাদিয়া আক্তার মনি একই গ্রামের রায়হান মিয়ার মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।

স্থানীয়রা জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে অন্যান্য শিশুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোক খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। তিনি ফোনে বলেন, পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।