সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ডিবি পুলিশের ব্যবহৃত পোশাক, ওয়াকিটকি, পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হাতকড়া, চাইনিজ কুড়াল, একটি রামদা, লাঠি, তিনটি গামছা ও একটি লেজার লাইট উদ্ধার করা হয়।
এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত সাদা রঙের একটি মাইক্রোবাস, ৯০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ডাকাতির শিকার কাপড় ব্যবসায়ী মৃনাল কান্তি রায় সুমন সোনারগাঁ থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, উপজেলার ললাটি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা থেকে আড়াইহাজারগামী বিআরটিসি বাস থামিয়ে এক ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নিয়ে রূপগঞ্জের গাউছিয়ার দিকে যাচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ পাকুন্ডা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে শামীম হোসেন, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন, রায়হান সরকার মামুন ও নয়ন নামের ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। অপহৃত সুমনের বাড়ি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।