মেসির এমএলএস অভিষেক কি কালই

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে অভিষেক হয়েছে লিগস কাপ দিয়ে। সেখানে ৭ ম্যাচে করেছেন ১০ গোল। দলও চ্যাম্পিয়ন হয়েছে। মায়ামি উঠেছে ইউএস ওপেন কাপের ফাইনালেও। তবে মেজর লিগ সকারে মেসিরা সুবিধাজনক অবস্থানে নেই। সেখান থেকে অন্তত প্লে অফ খেলার কঠিন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছে মায়ামি। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলতে নামবে লিগে নিজেদের ২৩তম ম্যাচ। বাংলাদেশ সময় রবিবার ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচটি দিয়ে এমএলএসে মেসির অভিষেক হতে পারে।

তবে মেসি এই ম্যাচে আদৌ খেলবেন কি না, খেললেও শুরু থেকে কি না, তা নিয়ে সংশয় আছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এরই মধ্যে ৩৩ দিনে আটটি ম্যাচ খেলেছেন মায়ামির হয়ে। সবশেষ ম্যাচটি আবার খেলতে হয়েছে ১২০ মিনিট, তারপর টাইব্রেকার। লিগস কাপে দুই ম্যাচ টাইব্রেকারে গড়ালেও তা ছিল নির্ধারিত ৯০ মিনিট শেষে। এমন ধকলের কারণে কোচ জেরার্দো মার্তিনো ইঙ্গিত দিয়েছেন মেসিসহ আরও কিছু খেলোয়াড়ের বিশ্রামের।

এই ম্যাচের পর বুধ ও রবিবার আরও দুই ম্যাচ মায়ামির। আবার ৪ সেপ্টেম্বর থেকে মেসিদের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতির ব্যাপার আছে। তাই মায়ামির হয়ে কয়টা ম্যাচ খেলতে পারেন তা দেখার বিষয়।

মার্তিনো ওপেন কাপের ম্যাচের পর বলেন, ‘লিও এবং আরও অনেক খেলোয়াড় শারীরিক সীমাবদ্ধতার কাছাকাছি পৌঁছে গেছে। আজ হতে আমরা মূল্যায়ন করা শুরু করব, কীভাবে সামনের তিনটি ম্যাচ মোকাবিলা করা যায়।’

নিউ ইয়র্ক রেড বুল মায়ামির মতোই ইস্টার্ন কনফারেন্সে খেলে। ২৪ ম্যাচ শেষে ২৯ পয়েন্টে তারা আছে ১১তম স্থানে। মায়ামি ২২ ম্যাচে ১৮ পয়েন্টে সবার শেষে। মেসির মায়ামির হয়ে অভিষেকের পর থেকে মেজর লিগ সকারে কোনো ম্যাচ খেলেনি দলটি। তার আগে লিগে টানা ১১ ম্যাচে জয় পায়নি মায়ামি। কাল ভোরে কি তারা জয়ের দেখা পাবে মেজর লিগে?

মে মাসের ৩১ তারিখে ঘরের মাঠে রেড বুলের মুখোমুখি হয়েছিল মায়ামি। সেই ম্যাচে রেড বুল ১-০ গোলে হারায় মায়ামিকে। রেড বুলের সঙ্গে ৭ দেখায় মাত্র দুটি জয় মায়ামি। এমএলএসে রেড বুলের বিপক্ষে শেষ পাঁচ দেখায় মায়ামির জয় একটি। ২০২২ সালে মে মাসে মায়ামি ২-০ গোলে হারিয়েছিল রেড বুলকে।