কারাগারে ও ভারতে থাকা দুই যুবদল নেতা ছাত্রলীগের মামলায় আসামি

গত ২০ আগস্ট সন্ধ্যায় হবিগঞ্জ শহরে শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগের সাথে বিএনপির সংঘর্ষ হয়। এ সময় অন্য একটি মামলায় কারাগারে ছিলেন জেলা জেলা যুবদলের সহ সভাপতি তৌফিকুল ইসলাম। অপরদিকে ভারতে বেড়াতে গিয়ে অবস্থান করছিলেন ছাত্রদল কর্মী ইমরান আহমেদ।

অথচ মারামারি ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির দায়েরকৃত মামলায় এ দু'জকে আসামি করা হয়। মামলার ৩৭ নম্বর আসামি করা হয়েছে তৌফিকুলকে ও ৩৪ নম্বরে রাখা হয়েছে ইমরানকে।

জানা যায়, গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা শেষে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের । পুলিশ যুবদল নেতা তৌফিকুল ইসলামকে ওইদিনই গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ এর পরদিনের সংঘর্ষের ঘটনায় তাকে আসামি করা হয়।

মামলায় আসামিদের তালিকায় এসব অসংগতির ব্যাপারে ছাত্রলীগ নেতা মাহি বলেন, শত শত লোক আমাদের মিছিলে হামলা করে। আমাদের জানামতে ঘটনার সময় এরা উপস্থিত ছিল। অনেক সময় জেলে না থাকলেও বলা হয় জেলে আছে। বিষয়টি তদন্ত করে দেখব।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি ঘটনায় তাদের সম্পৃক্ততা না মেলে তাহলে তাদের আসামি তালিকা থেকে বাদ দেওয়া হবে।