ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকালে হরিণাকুন্ডুর গোবরাপাড়া গ্রাম ও কালীগঞ্জের গোপীনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোবরাপাড়া গ্রামের আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম বেগম (৬০) ও তার মেয়ে তাসলিমা বেগম (৩৫) এবং গোপীনাথপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আবদুল হালিম (৫০)।

গোবরাপাড়া গ্রামের আবুল কালাম আজাদ জানান, মরিয়ম বেগম নিজ ঘরের আরথিনের তারে জড়িয়ে যান। ঘটনা দেখতে পেয়ে মেয়ে তাসলিমা তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

অন্যদিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সকালে ওই গ্রামের কৃষক আবদুল আলিম গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। পথে মাঠের মধ্যে একটি পুকুরের পাড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকু-ু থানার ওসি আবু আজিফ ও কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান ওই তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।