হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে প্রায় দুইশ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এছাড়া আরও দেড়-দুশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
হবিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি এই মামলাটি করেন। মূল আসামি শাহ রাজিব আহমেদ রিংগনের নির্দেশে আওয়ামী লীগের মিছিলে হামলা, মিছিলকারীদের রক্তাক্ত জখমসহ বিস্ফোরক দ্রব্যাদি নিজ হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে মামলায়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. বদিউজ্জামান জানান, গত ২০ আগস্ট বিকেলে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি বিএনপির অফিসের কাছে পৌঁছলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। যার নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগন। পরে উভয় দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।