বোল্টকে ছুঁলেন লাইলস

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরির বুদাপেস্টে ১০০ মিটারে জিতেছিলেন নোয়াহ লাইলস। ২০০ মিটারেও সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। ১৯.৫২ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন লাইলস। তাতে বোল্টের পর বিশ্ব অ্যাথলেটিকসে ডাবলের কীর্তি গড়লেন তিনি। বিশ্ব অ্যাথলেটিকসে ২০০ মিটারে এটি লাইলসের টানা তৃতীয় স্বর্ণ। এমন কীর্তিতেও বোল্টের পর প্রথম লাইলস।

বিশ্ব চ্যাম্পিয়শিপে (পুরুষ) ডাবল জয়ী পঞ্চম অ্যাথলেট হলেন লাইলস। জয়ের পর লাইলস বলেন, ‘আমি বিশেষ কিছু করেছি। এমন এক পর্যায়ে পৌঁছেছি যা এর আগে মাত্র পাঁচজন (পুরুষ) স্প্রিটার করতে পেরেছেন।’ তবে লাইলস তার টাইমিং নিয়ে সন্তুষ্ট নন। ‘আমি আরও দ্রুত দৌড়াতে চেয়েছি। অন্তত যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙতে চেয়েছিলাম। অবশ্যই আমার সেই সামর্থ্য আছে। ছয়টি রেসের পর এখনো ১৯.৫ সেকেন্ডে আমি খুশি।’

লাইলসের চেয়ে ০.২৩ সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথলেট এরিয়ন নাইটন (১৯.৭৫ সেকেন্ড)। বতসোয়ানার লেতসিল টোবাগো শেষ করেছিলেন তৃতীয় স্থানে। তার সময় লেগেছে ১৯.৮১ সেকেন্ড।

বোল্টের ডাবল ছোঁয়ার পর ‘ট্রিপল’ জয়ের কীর্তিও ছুঁয়ে ফেলার সুযোগ আছে লাইলসের। তার দল যুক্তরাষ্ট্র ৪*১০০ মিটার রিলের ফাইনালে উঠেছে। হিটে না দৌড়ালেও ফাইনালে ট্র্যাকে নামতে পারেন লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলের ‘ট্রিপল’ তিনবার জিতেছেন বোল্ট। ২০০৯, ২০১৩ ও ২০১৫ সালে এই কীর্তি গড়েন তিনি। মার্কিন স্প্রিন্টারদের মধ্যে সর্বশেষ এই কীর্তি গড়েছেন মরিস গ্রিন। সেটা ১৯৯৯ সালে।