নারী বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘চুমুকাণ্ডে’ নিষিদ্ধ হয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। তাকে নিষিদ্ধ করেছে ফিফা। সাময়িকভাবে ফুটবলের সমস্ত কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে রুবিয়ালেসকে।
এক বিবৃতিতে ফিফা এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, আগামী ৯০ দিনের জন্য ফুটবল সম্পর্কিত কোনো কার্যক্রমে লুইস রুবিয়ালেস অংশ নিতে পারবেন না। গত রবিবার নারী বিশ্বকাপ ফাইনালের পর স্প্যানিশ ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস।
বিতর্কিত ঘটনাটি ‘দুজনের সম্মতিতে’ হয়েছে বলে দাবি করেছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট। পরে ভুক্তভোগী জেনিফার স্পষ্ট জানিয়ে দেন, সম্মতি ছিল না তার।