জয়ের পর মেসি

এমএলএসে ফিরে ভালো জয় পেলাম আমরা

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির শেষ জয় ছিল ১৪ মে। তারপর কেটে গেছে আরও ১১ ম্যাচ। কিন্তু জয়হীন থেকেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তারপর ‘ঘরে তে ভ্রমর’! ফুটবলের প্রাণভোমরা লিওনেল মেসি মায়ামিতে যোগ দিতেই জয় পেতে শুরু করেছে দলটি। লিগস কাপ দিয়ে মহাতারকার শুরুর পর আজ অভিষেক হয়েছে এমএলএসে।

নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে যাত্রা শুরু হলো মেসির। আর এই ম্যাচ দিয়ে লিগে দীর্ঘ জয়খরা কাটল ইন্টার মায়ামির।

এর মধ্য দিয়ে এমএলএসের প্লে–অফ খেলার কঠিন পথে যাত্রার শুরুটাও ভালোভাবে করলেন আর্জেন্টাইন অধিনায়ক, তবে এটা মাত্র শুরু। পরের পর্বে যাওয়া নিশ্চিত করতে হলে বাকি ম্যাচগুলোয়ও দারুণ কিছু করে দেখাতে হবে মায়ামিকে। তবে আপাতত শুরুটা ভালোভাবে করতে পেরেই আনন্দিত মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা ।

ম্যাচের ৬০ মিনিটে দল যখন ১-০ গোলে এগিয়ে তখন লিওনার্দো কাম্পানার বদলে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে অভিষেক রাঙিয়ে গোল করেন মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ের পর মেসি বেশ কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর ক্যাপশনে উচ্ছ্বাস জানিয়ে লিখেছেন, ‘এমএলএসে ফিরে ভালো একটি জয় পেলাম আমরা। ধন্যবাদ নিউইয়র্ক।’

এদিন মেসির খেলা দেখতে গ্যালারি তো বটেই, গ্যালারির বাইরেও ভিড় জমিয়েছেন অনেক মানুষ। টাইমস স্কয়ারে বড় পর্দায় খেলা উপভোগ অনেক মেসি–ভক্ত, যাদের অনেককেই শেষ মুহূর্তে মেসির গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায়।