জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৭ আগস্ট) সকালে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৬ আসামি জামিন আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান, জাকিরুল ইসলাম, রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির, গাজী শামীম ও আসলাম মিয়াসহ ৬ আসামি জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেন এবং তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন’।
উল্লেখ্য, গত ১৪ জুন সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন। পর দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গত ১৭ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ পর্যন্ত এজাহারভুক্ত ২২ জন আসামির মধ্যে ৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ছিলেন।