ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তায় স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রুমা বেগম (৩০) ওই গ্রামের টোটন মাতুব্বরের স্ত্রী।
পুলিশ জানায়, টোটন মাতুব্বর ঢাকায় ফার্নিচারের ব্যবসা করতেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন বাড্ডায়। শনিবার রাত ৮টার দিকে পাথরাইল গ্রামে স্বামীর বাড়ির সামনের সড়কে একটি পিকআপ ভ্যান আসে। পিকআপ ভ্যানে রুমার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা কানাঘুষা শুরু করে। একপর্যায়ে পুলিশের কথা বলা হলে লাশটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান টোটন মাতুব্বর।
রুমার মামা বাবুল মিয়া বলেন, ‘রুমাকে তার স্বামী টোটন পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঢাকার উত্তর বাড্ডায়। তাই নিয়মিত মামলাটি বাড্ডা থানায় হবে। তবে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।’