মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদ-প্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে গত শনিবার বিকেলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
সেই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম কোনো কিছু না বুঝেই ফেসবুকে পোস্টটি করেছেন বলে স্বীকার করেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘সরকারি কর্মচারী হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তির বিষয়টি দুঃখজনক। বিষয়টি জানামাত্র অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।’