চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে ড্রেনে পড়ে নিখোঁজ দেড় বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার হয়েছে প্রায় ১৭ ঘণ্টা পর।
আজ সোমবার সকাল ৯ টার দিকে বাড়ির সামনের ড্রেন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রবিবার ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ইয়াছির আরাফাতের মরদেহ তার ঘরের সামনের নালাতেই পাওয়া গেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় এম হাশেম টাওয়ারের পাশে ড্রেনে নিখোঁজ হয় ইয়াছির আরাফাত। খবর পেয়ে বিকাল সাড়ে ৫টা থেকে শিশুটির খোঁজে ঘটনাস্থল আগ্রাবাদ রঙ্গীপাড়ার আশপাশের নালায় তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। ওই শিশুর বাবার নাম সাদ্দাম হোসেন। রঙ্গীপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
এর আগে গত ৭ আগস্ট হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় ড্রেনে পড়ে মারা যান নিপা পালিত (১৯) নামে হাটহাজারী সরকারী কলেজের এক ছাত্রী। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুরে নালায় পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি। একই বছর ২৭ সেপ্টেম্বর রাতে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। চার ঘন্টা পর তার লাশ পাওয়া যায়।