দশ মাস বয়সী ফুটফুটে সুন্দর শিশু লাইসা আক্তার ছোঁয়া। সপ্তাহখানেক আগে ময়মনসিংহের ঈশ^রগঞ্জের কাঁচামাটিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেদিন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ঘটনার এক সপ্তাহ পর ছোঁয়ার মা পপি আক্তার নিজেই মেয়েকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন তার স্বামী ও পরিবারের লোকজনের কাছে। বিষয়টি ছোঁয়ার বাবা থানায় অবগত করলে গত রবিবার পপি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত ২২ আগস্ট মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের হীরাধর এলাকার কাঁচামাটিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ছোঁয়া ওই এলাকার জিয়াউল হকের মেয়ে। জিয়াউল হক বলেন, ‘পারিবারিক নানা কারণে আমাদের মধ্যে ঝগড়া চলত। ছোঁয়ার লাশ পাওয়ার পর আমার স্ত্রীর অস্বাভাবিক আচরণে আমাদের সন্দেহ হয়। পরে সে আমাদের কাছে হত্যার কথা স্বীকার করেছে।’