জ্বরের কারণে এশিয়া কাপ খেলতে এখনও শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাস। পরশু স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল। এখনও দেশ ছাড়াতে না পারা লিটনের এ ম্যাচটায় খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন তো সংবাদমাধ্যমকে লিটনের প্রথম ম্যাচে না থাকার বিষয়টি নিশ্চিতই করে দিয়েছেন। একটি ইংরেজি দৈনিককে হাবিবুল বলেছেন, ‘নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’
এদিকে মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে লিটনকে নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তিনি বলেন, ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করব ওকে কলম্বোতে নিয়ে যেতে।’
গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটা হবে লাহোরে।
এমনিতেই তামিম ইকবাল নেই। এর মধ্যে প্রথম ম্যাচে লিটনকে না পাওয়াটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।