এক যুগ বন্ধ থাকার পর গাইবান্ধার বোনারপাড়া-পঞ্চগড় রুটে রামসাগর এক্সপ্রেস নামে একটি মেইল ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বোনারপাড়া রেল স্টেশনে ট্রেনযাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেনটি গাইবান্ধার বোনারপাড়া থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযাদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত চলাচল করবে।
এদিক রামসাগর ট্রেন চালুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন এলাকার মানুষ স্টেশনে এসে ভিড় করছে। এর আগে ট্রেনটি বোনারপাড়া থেকে দিনাজপুরের মধ্যে চলাচল করত। এখন ট্রেনটি পঞ্চগড় পযর্ন্ত যাবে।
বাংলাদশ রেলওয় পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে, রামসাগর নামে এই ট্রেনটি পশ্চিমাঞ্চলীয় রেলের সান্তাহার-লালমনিরহাট রেল রুটে বোনারপাড়া থেকে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পযর্ন্ত চলাচল করত। সাড়ে চার ঘণ্টায় ট্রেনটি গাইবান্ধা থেকে দিনাজপুর যেত। ভাড়াও ছিল কম। ২০১১ সালের জুলাই মাসে ট্রেনটির ইঞ্জিন ও লোকবলের অভাবে চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ট্রেনটি চালুর দাবিতে স্থানীয়ভাবে আন্দোলন গড়ে ওঠে।
ট্রেন উদ্বোধন দেখতে আসা জয়নাল (৪০) জানান, এই অঞ্চলের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে যাতাযাত করতে হয়। রংপুর হাসপাতালে যারা অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগী নিয়ে যেতে পারেন না, তাদের জন্য ট্রেনটি অ্যাম্বুলেন্স ট্রেন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ ছাড়া রংপুর বিভাগ হওয়ার পর দাপ্তরিক কাজেও সেখানে (রংপুর) যেতে হচ্ছে । গাইবান্ধা থেকে রংপুরে যেতে টাকা ও সময় দুটোই লাগবে।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রামসাগর ট্রেনটি চালু করা। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আন্তরিকতার কারণে আজ এই ট্রেনটি চালু করা সম্ভব হয়েছে। নদীভাঙন কবলিত গাইবান্ধা অঞ্চলের মানুষের কাছে কম ভাড়া ও নির্দিষ্ট সময়ে চলাচলের জন্য ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনটি চালুর ফলে গাইবান্ধা থেকে পঞ্চগড় রুটে এ এলাকার যাত্রীগণ সহজেই যোগাযোগ করতে পারবে। গাইবান্ধাসহ কয়েকটি জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বাংলাদশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বলেন, বর্তমান সরকার রেলবান্ধব সরকার। জননত্রী শেখ হাসিনা রেলের সুযোগ-সুবিধা বাড়াতে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছেন। রামসাগর ট্রেনটি বোনারপাড়া (আপ) থেকে ছাড়বে ভোর সাড়ে পাঁচটায়। পঞ্চগড়ের বীর মুক্তিযাদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। পঞ্চগড়ের বীর মুক্তিযাদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে (ডাউন) ছাড়বে বিকেল ৫ টা ২০ মিনিটে। বোনারপাড়া পৌঁছাবে রাত দেড়টায়।
ট্রেন উদ্বোধনের আগে বোনারপাড়া স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসীল আরেফীন টিটু, বক্তব্য দেন রেলমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ প্রমুখ।