সাভারে পরিবেশ দূষণের প্রতিবাদে কারখানা ঘেরাও

সাভারে মধুমতি টাইলস কারখানার পানি ও বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে কারখানা ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা টিয়া বাড়িতে অবস্থিত মধুমতি টাইলস কারখানা ঘেরাও করে এ বিক্ষোভ করা হয়।

এর আগে সকালে সাভার উপজেলা ও পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধন ও বিক্ষোভে এলাকাবাসী জানান, কোনো পরিশোধন ছাড়াই মধুমতি টাইলস কারখানার দূষিত পানি কারখানা স্থানীয় ড্রেনে ফেলা হচ্ছে। এতে নিচু অঞ্চলে টাইলস কারখানার দূষিত পানি প্রবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। সেই সঙ্গে বাসাবাড়িতে ওই কারখানার পানি প্রবেশ করে জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও শিশু ও মহিলারাে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানান তারা।

ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে কারখানার পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বায়ু দূষণ, শব্দ দূষণ ও অপরিকল্পিত কাঁদাযুক্ত কেমিক্যালের পানি বাসাবাড়িতে প্রবেশ বন্ধ করতে হবে।

ভুক্তভোগী জামাল হাওলাদার বলেন, মধুমতি টাইলস কোম্পানি অপরিশোধিত কাঁদাযুক্ত কেমিক্যালের পানি আবাসিক এলাকার ড্রেনে ফেলায় পরিবেশ ও বায়ু দূষণ হচ্ছে। এ ছাড়া কারখানাটির প্রচণ্ড শব্দে আশপাশের এলাকার বাসিন্দারা শব্দ দূষনের শিকার হওয়ার পাশাপাশি ময়লা পানির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

হালিমা বেগম নামের স্থানীয় বাসিন্দা বলেন, অবিলম্বে মধুমতি টাইলসের ময়লা এবং কেমিক্যালযুক্ত পানি বাসাবাড়ির ড্রেনে ফেলা বন্ধ করতে হবে। ড্রেনের সঙ্গে দেওয়া সংযোগ বিচ্ছিন্নসহ জলাবদ্ধতা রোধে স্থানীয় প্রশাসন ও সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সবুজ আন্দোলন সাভার থানা শাখার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, সাভারের বিভিন্ন এলাকায় মধুমতি টাইলসের মতো বেশকিছু কোম্পানি নিয়ম না মেনেই বাসাবাড়ির ড্রেনের সঙ্গে কারখানার কেমিক্যালের পানি ছেড়ে দিয়ে পরিবেশ দূষিত করে চলেছে। এসব কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় দিনদিন তাদের স্বেচ্ছাচারিতা বেড়েই চলেছে। তাই এদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

এসব বিষয়ে কথা বলতে মধুমতি টাইলসের গেইটে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।