প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রী সুবর্ণা মুনতাহা রিজমির ওপর হামলা চালিয়েছে অপর এক কলেজের শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে কলেজ সড়কে এ ঘটনা ঘটে। আহত মুনতাহা একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মুরাদ হোসেনের মেয়ে।
আহত কলেজছাত্রী অভিযোগ করেন, ‘দালাল বাজার ডিগ্রী কলেজের ছাত্র তানজিদ আহমেদ রিয়ান তার বখাটে বন্ধুদের নিয়ে এ হামলা চালায়।’ তবে একটি সূত্র জানায় রিজমি ও রিয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।
অভিযুক্ত তানজিদ আহমেদ রিয়ান লক্ষ্মীপুর পৌরসভা ৭ নং ওয়ার্ডের কালু হাজী সড়কের মোহাম্মদ শামীমের ছেলে।
আহত রিজমির মা সুমি ভূঁইয়া জানান, ‘গত সাত মাস ধরে কলেজের আসা যাওয়ার পথে রিয়ান রিজমিকে উত্ত্যক্ত করে আসছে। পরে বিষয়টি রিজমি তার পরিবারকে জানায়। এই ঘটনায় রিয়ানকে সতর্ক করে দেওয়ার জন্য তার পরিবারের কাছে বিচার দেওয়া হয়। কিন্তু এরপর রিয়ান আরও বেপরোয়া হয়ে ওঠে।’
রিজমির মামা রাসেল ভূইয়া জানান, মঙ্গলবার সকালে রিজমি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সামাদ স্কুল মোড় থেকে কলেজে যাওয়ার পথে রিজমিকে লক্ষ্য করে পিছন থেকে ইটের টুকরো ছুড়ে মারে রিয়ান। এক পর্যায়ে লাঠি দিয়ে আমার মেয়ের মাথায় আঘাত করে সে। এতে রিজমি গুরুতর আহত হয়। এ সময় রিয়ানের সঙ্গে বেশ কয়েকজন বখাটে ছেলে ছিল বলে অভিযোগ করেন তিনি।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম বলেন, ছেলেটি আমাদের কলেজের ছাত্র নয়। ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের বাইরে। রিজমিকে দেখতে হাসপাতালে আমাদের শিক্ষক গিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, ঘটনার পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে রাত দশটা পর্যন্ত কেউ কোন মামলা দায়ের করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।