বার্সার পুরনো আরেক সতীর্থকে মায়ামিতে পাচ্ছেন মেসি

ইন্টার মায়ামিতে দুর্দান্ত সময় পাড় করছেন লিওনেল মেসি। যোগ দিয়েই জিতেছেন লিগস কাপ। সঙ্গী হিসেবে পেয়েছেন প্রাক্তন দুই সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্ডি আলবাকে। এবার গুঞ্জন উঠেছে ক্যাম্প ন্যুর আরেক সতীর্থ পাড়ি জমাচ্ছেন মেজর লিগ সকারে। সেটাও আবার ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামিতে, মেসির সতীর্থ হিসেবে।

মেসির পুরনো সেই সতীর্থের নাম আর্তুরো ভিদাল। তিনি বায়ার্ন মিউনিখ থেকে ২০১৮ সালে বার্সেলোনা পাড়ি জমিয়েছিলেন। ২ বছর ছিলেন ক্লাবে। মেসিকে পেয়েছেন পুরোটা সময়। খেলেছেন ৬৬ ম্যাচ খেলে এই মিডফিল্ডার করেছেন ১১ গোল।

মেসি বার্সা ছাড়ার আগেই তিনি কাতালানদের ছেড়ে পাড়ি জমান ইন্টার মিলানে। বর্তমানে আছেন ব্রাজিলের একটি ক্লাবে। সেখান থেকেই এবার যোগ দেবেন ইন্টার মায়ামিতে। ব্রাজিলিয়ান দল অ্যাথলেটিকো প্যারানায়েসের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। চিলির এই ফুটবলারের নতুন ঠিকানা যে মায়ামি হতে চলেছে সেটা তিনি নিজেই জানিয়েছেন।

সম্প্রতি টিএনটি আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি খুশি এই ভেবে যে মেসির সঙ্গে খেলব। তার সঙ্গে খেলাটা খুব সহজ। দায়িত্ব শুধু বল পাস দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কিছু নিয়ম আছে, যা বয়স্ক ফুটবলারদের সেখানে যেতে নিরুৎসাহিত করে। যে কারণে আগে এভাবে কাউকে যেতে দেখা যায়নি। আমি লিও, বুসকেতসদের সঙ্গে খেলতে পেরে আনন্দিত হব। কারণ ফুটবলটা তারা হৃদয় দিয়ে খেলে। তাছাড়া মায়ামি এখন টাটা মার্তিনোর মতো ভালো একজন কোচও পেয়ে গেছে।’