জাতীয় শোক দিবসের ছবি ফেসবুকে দেওয়ায় অব্যাহতি

নোয়াখালীর হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়।

দলীয় সূত্র জানায়, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি ১৫ আগস্ট হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিএনপির নেতাকর্মীরা ওই সব ছবির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২২ আগস্ট তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে পৌর বিএনপির সভাপতিসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।