বাবর-ইফতির সেঞ্চুরিতে এশিয়া কাপ খুলল

এশিয়া কাপ শুরু হয়েছে বাবর আজমের সেঞ্চুরি দিয়ে। নেপালের বিপক্ষে মুলতানে আসরের উদ্বোধনী ম্যাচে ১৩১ বলে ১৫১ রান করেন পাকিস্তান অধিনায়ক। তার স্পর্শে আগ্রাসী সেঞ্চুরি করেছেন ইফতিখার আহমেদ, ৭১ বলে হার না মানা ১০৯। দুজনের ২১৪ রানের পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তান করে ৬ উইকেটে ৩৪২।

জবাবে অভিষেক এশিয়া কাপে নেপালের শুরুটা হয় হতাশার। ২৩.৪ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে দলটি। টস জয়ী বাবর নিজে ব্যাটিংয়ে নেমেছিলেন ষষ্ঠ ওভারে। ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর প্রথমে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পুনর্গঠনের কাজটি করেন তিনি। ৮৬ রানের সেই জুটির পর সালমান আগার সঙ্গে অবশ্য জুটিটা বড় হয়নি তার। এরপর ইফতিখার আহমেদের সঙ্গে তার জুটিতে ওঠে ঝড়।

এ জুটির পথেই সেঞ্চুরি পেয়ে যান বাবর। ইনিংসের ৪২তম ওভারে দীপেন্দ্র সিং ঐরীর বলে ডাবলস নিয়ে তিন অঙ্কে যান বাবর। মাইলফলকে যেতে তার লাগে ১০৯ বল। এটি ওয়ানডেতে বাবরের ১০২তম ইনিংস। দ্রুততম ১৯ সেঞ্চুরির তালিকায় বাবর ছাড়িয়ে গেলেন হাশিম আমলাকে। ১৯ সেঞ্চুরি করতে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানের লেগেছিল ১০৪ ইনিংস।

এ সেঞ্চুরি করে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির তালিকায় সাঈদ আনোয়ারের সঙ্গে দূরত্ব আরও কমালেন বাবর। আনোয়ারের সেঞ্চুরি ২০টি।

এশিয়া কাপে বাবরের এটি প্রথম সেঞ্চুরি। ওয়ানডে সংস্করণে এ টুর্নামেন্টে এর আগে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। সব মিলিয়ে তৃতীয় পাকিস্তান অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সেঞ্চুরি পেলেন বাবর। তার আগে এ কীর্তি ছিল শোয়েব মালিক ও শহিদ আফ্রিদির।

বাবরের সেঞ্চুরির পর ইফতি আরও মারমুখী হয়ে ওঠেন। মাত্র ৬৭ বলেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি। শেষ পর্যন্ত ৭১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি।