সেই নাশভিলের সঙ্গে এবার মেসির মায়ামির ড্র

কদিন আগেই লিগস কাপে নাশভিলেকে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। এবার সেই দলটির বিপক্ষেই জয় বঞ্চিত হয়েছেন তারা। মেজর লিগ সকারে আজ তাদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে মায়ামি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে খেলাটি গড়ায় যথা সময়ে। অধিনায়ক লিওনেল মেসি শুরু করেন প্রথম থেকেই। তবে নিজে থেকেছেন গোলহীন, দলও পায়নি জয়।

অথচ খেলার পুরোটা সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মায়ামি। পুরো ৭০ শতাংশ সময় মেসিদের পায়ে ছিল বল। তবে আক্রমণে যেতে পেরেছে কম সময়ই। ১৩টি শট নিলেও লক্ষ্য বরাবর ছিল মাত্র ৪টি। অন্যদিকে নাশভিলে ৭টির মধ্যে ২টি ছিল লক্ষ্য বরাবর।

কোনো দলই গোল না পাওয়ায় যেন ত্যাক্ত-বিরক্ত হয়ে উঠেছিল। হয়েছে মাত্রাতিরিক্ত ফাউল। ১৬টি ফাউল করে ৪ হলুদ কার্ড দেখে মায়ামি, আর ৯ ফাউল করে ২ কার্ড দেখে নাশভিলে। যদিও লাল কার্ড দেখতে হয়নি কাউকে।

এই ম্যাচে জিততে না পারলেও পয়েন্ট ভাগাভাগি হওয়ায় তালিকার তলানি থেকে উন্নতি হয়েছে মায়ামির। তারা এখন ২২ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টরোন্টো নেমে গেছে ১৫ নম্বরে।