কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে নতুন নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। ভর্তির সময় প্রতিষ্ঠানটি জানিয়ে দিচ্ছে, শিক্ষার্থীরা ছেঁড়া জিন্স পরতে পারবে না। বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে অভিভাবকদের। শুধু তা-ই নয়, এই নির্দেশ মানতে হবে শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীদেরও।
জানা গেছে, এই নির্দেশিকা জারি করেছেন কলেজের অধ্যক্ষ ড. পূর্ণচন্দ্র মাইতি। গত বছরেও এ বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন তিনি। কিন্তু তখন সাবালক শিক্ষার্থীদের পোশাক পরার অধিকারে কলেজের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। তবে সমালোচনার মুখেও নির্দেশটি প্রত্যাহার করেননি অধ্যক্ষ।
সূত্রের খবর, বেশিরভাগ শিক্ষার্থী সেই নির্দেশ মানলেও অনেকেই এখনও নিষিদ্ধ পোশাক পরে কলেজে আসছেন। তাই এবার ছেঁড়া জিন্স পরে কলেজ আসা বন্ধ করতে ভর্তির সময়ই শিক্ষার্থী এবং অভিভাবকদের মুচলেকা লিখিয়ে সই করিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ ড. পূর্ণচন্দ্র মাইতি বলেন, আমি মনে করেছি এটা অশালীন। এটা অ্যালাউ করব না। কে কী পরতে পারবে সেটা কলেজের বাইরে। কলেজে ঢুকলে তারা আমার এখতিয়ারে। সেক্ষেত্রে আমার নিয়ম, আমার শৃঙ্খলা, আমি যেটাকে শালীনতা বলে মনে করব, সেটাই মেনে চলতে হবে।
আরও পড়ুন: ইসরোর বিজ্ঞানীকে গালিগালাজ, গাড়িতে লাথি