সিতসিপাস-রুডের বিদায়

এবারের ইউএস ওপেন যেন অঘটনের। পঞ্চম বাছাই ক্যাসপার রুড বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকেই। রুডকে বিদায় করে ইতিহাস গড়লেন চীনের ঝাং ঝিঝেন। রুডকে ৪-৬, ৭-৫, ২-৬, ৬-০ ও ২-৬ গেমে হারান ঝাং। ২৬ বছর বয়সী ঝিঝেন চীনের প্রথম টেনিস খেলোয়াড়, যিনি শীর্ষ পাঁচে থাকা কাউকে হারালেন।

রুড গত বছরের ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন। ৩ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে রুডকে হারানো ঝিঝেন টেনিস র‍্যাংকিংয়ের ৬৭তম স্থানে আছেন। গ্র্যান্ড সø্যামে তার সর্বোচ্চ অর্জন এ বছরের ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ডে খেলা। আজ তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার রিঙ্কি হাইজিকাটা।

এছাড়া আর্থার অ্যাশ স্টেডিয়ামে বের্নাবে জাপাতাকে ২ ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৬-১, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ার শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। তার আগে বুধবার রাতে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সপ্তম বাছাই সিতসিপাসও। নারী এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইঘা সোয়াতেক।