শেরপুরের নকলায় ভারতীয় ৮৯ বস্তা চিনি ও এক লাখ ৫০ হাজার নগদ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদর দপ্তর ময়মনসিংহ। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে র্যাব তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার জড়িফা পাড়া এলাকার শাহাবুদ্দিনের পুত্র আনিছুজ্জামান (৪০) ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গড়কান্দা এলাকার সুরুজ আলীর পুত্র সিরাজুল ইসলাম (৩৯)।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনিছুজ্জামান পিকআপে করে নেত্রকোনা থেকে ভারতের সীমান্ত পার হয়ে শুল্ক ফাকি দিয়ে চোরাই পথে আনা ৮৯ বস্তা ভারতীয় চিনি (যার ওজন ৪ হাজার ২শ ৩৫ কেজি) শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তর ময়মনসিংহের একটি আভিযানিক দল উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনি বোঝাই পিকআপ আটক করে। এ সময় পিকআপের চালক সিরাজুলসহ চিনি ব্যবসায়ী আনিছুজ্জামানকে গ্রেপ্তার করে র্যাব। পরে নকলা থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দার হাবিব আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই পথে আনা প্রায় ৫ লাখ ৫০হাজার ৬১৫ টাকার ৮৯ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করে র্যাব। জব্দকৃত চিনি পিকাআপের চালকসহ জনকে থানায় সোপর্দ করেন। এ বিষয়ে র্যাব বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।