বকশীগঞ্জ মেলান্দহ কলমাকান্দা

নিখোঁজ তিনজনের লাশ বিল থেকে উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া জামালপুরের বকশীগঞ্জ ও মেলান্দহ এবং নেত্রকোনার কলমাকান্দায় কলেজছাত্র ও দুই কৃষকের লাশ বিল থেকে উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

ঝিনাইদহ : শৈলকুপার গোলকনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু সাঈদ বিশ্বাস (৪৭) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। প্রতিবাদে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। আবু সাঈদ একই গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে। 

গ্রামবাসী জানায়, জুমার নামাজ শেষে গোলকনগর গ্রামের আবু সাঈদ বিশ্বাসের সমর্থকদের সঙ্গে একই গ্রামের শাহীন বিশ্বাস ও বকুল কাজীর সমর্থকদের মধ্যে মাঠে মাছ ধরা নিয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান। পরে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জামালপুর : নিখোঁজের তিন দিন পর বকশীগঞ্জ উপজেলার একটি বিল থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। আনোয়ার ওই এলাকার মৃত শুটকু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, আনোয়ার হোসেন গত মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে গিয়ে আর ফেরেননি।

অপরদিকে, নিখোঁজের ২০ ঘণ্টা পর জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারী বিলে থেকে শফিকুল ইসলাম (২৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শফিকুল বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ হন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে তার লাশ ভাসতে দেখা যায়। শফিকুল শেরপুরের শ্রীবর্দীর সাতানী এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নেত্রকোনা : কলমাকান্দায় নিখোঁজের পরদিন বিল থেকে জীবন সরকার (৫৮) নামে এক কৃষকের ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি উপজেলার বড়খাপন ইউনিয়নের পরিলাকুল গ্রামের জীতেন্দ্র সরকারের ছেলে। গতকাল শুক্রবার সকালের দিকে একই গ্রামের নিখোঁজের বাড়ির পাশে মেদাবিলে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আগের দিন বৃহস্পতিবার দুপুরে ওই বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জীবন।