বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :
বরিশাল : গতকাল বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে একটি র্যালি বের হয়ে সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, চকবাজার, কাটপট্টি হয়ে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।
অন্যদিকে নগরীর বান্ধরোড মুক্তিযোদ্ধা পার্ক থেকে বেলা সাড়ে ১১টায় র্যালি বের করে জেলা উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন। আরও উপস্থিত ছিলেন জেলা উত্তরের আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মুকুল, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।
জয়পুরহাট : দুপুর ১২টার দিকে শহরের চিনিকল সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দীন ম-ল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব প্রমুখ।
ঝিনাইদহ : সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ^াসসহ অন্যরা বক্তব্য দেন।
শিবচর (মাদারীপুর) : সকালে শিবচর পৌরসভার হেলিপ্যাড সংলগ্ন চৌধুরী বাড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভালুকা (ময়মনসিংহ) : উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে বিকেলে পৌর সদরের হাইস্কুল মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে একই সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলমের নেতৃত্বে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৃথক র্যালি বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
দুমকি (পটুয়াখালী) : বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হয়। সভাশেষে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কালিহাতী (টাঙ্গাইল) : বিকেলে কালিহাতী রাইস মিল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান মতিন, বিশেষ আলোচক ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির নেতা ডা. শাহআলম তালুকদার।