পাথরঘাটায় ৬টি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাসে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এয়ারগান, মদসহ শেখ মমিনুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আটক মমিনুলের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার মাগুরাভাঙ্গা গ্রামে।

গতকাল শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম হাসান মেহেদী।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে খুলনা থেকে পাথরঘাটামুখী একটি বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে পাঁচটি এয়ারগান, একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি তাজা গুলি, এক বোতল বিদেশি মদসহ ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট এম হাসান মেহেদী বলেন, খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে একটি বিআরটিসি বাসে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মদ নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেয় কোস্টগার্ড। পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের মুন্সিরহাট এলাকায় ওই বাস থেকে যাত্রী নামানোর সময় গাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাসের নিচে মালামাল রাখার বাক্স থেকে একটি বস্তায় ভরা এসব আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

তিনি বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্রগুলো নৌপথে ঢাকায় নেওয়ার জন্য পাথরঘাটায় আনা হয়েছিল।