ভারতীয় ৮৯ বস্তা চিনিসহ আটক ২

শেরপুরের নকলায় ভারত থেকে অবৈধভাবে আনা ৮৯ বস্তা চিনি, দেড় লাখ টাকাসহ দুজনকে আটক করেছে র‌্যাব সদর দপ্তর ময়মনসিংহ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জড়িফাপাড়ার আনিছুজ্জামান ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গড়কান্দার সিরাজুল ইসলাম।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনিছুজ্জামান শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৮৯ বস্তা ভারতীয় চিনি (যার ওজন ৪ হাজার ২৩৫ কেজি) পিকআপযোগে নেত্রকোনা থেকে শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর ময়মনসিংহের একটি দল তেঘড়ি স্কুলের সামনে অবস্থান নিয়ে পিকআপের চালক সিরাজুলও চিনি ব্যবসায়ী আনিছুজ্জামানকে আটক করে নকলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

নকলা থানার ওসি (তদন্ত) ইস্কান্দার হাবিব আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে।