পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী বলেন, এই চা নিলাম কেন্দ্রের কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। চা-চাষিদের কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিলাম কেন্দ্র চালু করা হয়েছে। এতে এ অঞ্চলের চা-চাষি ও চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এর ফলে চা উৎপাদনকারীদের ব্যয় কমবে। চা-চাষিরা পাতার ন্যায্যমূল্য না পেলে এই নিলাম কেন্দ্র চালু করা মূল্যহীন হবে।

টিপু মুনশি আরও বলেন, দেশের তৃতীয় এই চা নিলামকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের চা-শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই নিলাম কেন্দ্রের ফলে পরিবহন ব্যয়, সময় ও শ্রম ব্যয় কমবে। তিনি চা-চাষিদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি গুণগত মানসম্পন্ন পাতা সরবরাহ করারও আহ্বান জানান।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের সভাপতি আবদুল হান্নান শেখ, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মল টি-গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন। অনুষ্ঠানে যার হাত ধরে পঞ্চগড়ে চা চাষ শুরু সে সময়ের জেলা প্রশাসক রবিউল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

উল্লেখ্য, পঞ্চগড়ে এ পর্যন্ত ১০ হাজার ২৪০ একর জমিতে চা আবাদ সম্প্রসারিত হয়েছে। আটটি নিবন্ধিত ও ২০টি অনিবন্ধিত চা বাগান, ৭ হাজার ৩৩৮টি ক্ষুদ্রায়তন এবং ১ হাজার ৩৬৮টি ক্ষুদ্র চা বাগান গড়ে উঠেছে এ জেলায়।