মেশিনের ফিতায় চুল আটকে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আকতার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মাইজকান্দি গ্রামের লাল মিয়া জানান, সকালে তিনি গ্রামের বকুলের মেশিনে ধান ভাঙাতে যান। তাকে সহযোগিতা করতে স্ত্রী খোদেজা পেছনে পেছনে সেখানে আসেন। ধান ভাঙানোর শেষপর্যায়ে খোদেজা মেশিনের নিচ থেকে ধানের কুঁড়া সরিয়ে আনার সময় মেশিনের ফিতায় মাথার চুল আটকে আহত হন। তাকে  দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।