ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলেও কোনো পুলিশ সদস্য আহত হয়নি। পুলিশ এ সময় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে বিএনপির কার্যালয়ের কাছে এ হামলা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৮ জনকে এজাহারভুক্ত আসামি ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার রাতেই জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধায় মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ে সভা করছিল। এ সময় পুলিশ কার্যালয়ের পাশে দায়িত্ব পালন করছিল। হঠাৎ করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন কয়েকজন যুবক। দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।’