হালান্ডের হ্যাটট্রিকে সিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ঘরের মাঠে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকের দিনে ফুলহ্যামকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে অপর দুটি গোল করেন আলভারেজ ও নাথান একে। চলতি মৌসুমে এ নিয়ে প্রথম চার ম্যাচেই জয় পেল সিটি। চেলসি হাঁটছে উল্টো পথে। নটিংহাম ফরেস্টের কাছে ১-০তে হেরে গেছে মরিসিও পচেত্তিনোর দল। এটি চেলসির চার ম্যাচে দ্বিতীয় হার।

ইংলিশ লিগ মৌসুমে দ্বিতীয় বড় ম্যাচ আজ। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। গত মৌসুমে দুই দেখায় একটি করে ম্যাচ জিতেছিল আর্সেনাল ও ম্যানউই। এ মৌসুমে লিগে এখনো অপরাজিত গানার্সরা।

আর্সেনাল তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে, ড্র একটিতে। সবশেষ ফুলহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ২-২ গোলে ড্র করে মিকেল আর্তেতার দল। ম্যানউই তিন ম্যাচের দুটি জিতেছে, হার একটিতে। ঘরের মাঠে ম্যানইউর বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে হারেনি আর্সেনাল। চারটিতে জয়, ড্র একটিতে।

গত মৌসুমে লিগে দুই দেখায় একটি করে জয় পেয়েছে ম্যানউই ও আর্সেনাল। দুই দলই ম্যাচ জেতে নিজেদের মাঠে।

চতুর্থ রাউন্ডের পর আন্তর্জাতিক ম্যাচের জন্য বিরতি থাকবে লিগে। তার আগে নিজেদের শেষ ম্যাচে জিততে চান আর্তেতা। ‘আমরা ম্যাচ জিততে চাই। যেভাবে খেললে জয় পাওয়া যাবে, আমরা সেভাবেই খেলতে চাই। আন্তর্জাতিক ম্যাচের বিরতির আগে জয় দিয়ে শেষ করাটা গুরুত্বপূর্ণ।’ আর্সেনালে তেমন ইনজুরি সমস্যা নেই। ম্যানইউ দলে আছে ইনজুরি সমস্যা।

একই দিনে লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পায় লস ব্লাঙ্কোসরা। হোসেলু গোল শোধ দেন। পরে রিয়ালের জয়সূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম।