রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ রবিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত ট্রেস করা হয়েছে।