নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি উপজেলার কদিমচিলান ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলা ডাঙ্গাপাড়া চিলান গ্রামের পুরাতন বাড়িতে চায়ের দোকানে বসে চা পানের সময় এই ঘটনা ঘটে। পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষ একই গ্রামের সাবেক মেম্বার রেজাউল করিম, সাইফুল, আতিক, জুয়ে়ল, ইব্রাহিম, লতিফ, মিল্টন, জুয়েল, মঞ্জিল ও বাবলু হাসুয়া দিয়ে ওসমান গণির পা এবং হাতের রগ কেটে দেয়। পরে লাঠি দিয়ে এলোপাথারি পেটায়, এতে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত আওয়ামী লীগ নেতা ১০ নম্বর কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, লালপুরের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন ওসমান গনি। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার আসল কারণ জানা যাবে।