বগুড়ায় ধর্ষণ মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ায় শিশু ধর্ষণ মামলায় ৬০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবু সালামকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব ১২। সোমবার রাত সাড়ে আটটায় সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

র‍্যাবের অভিযানের গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি আবু সালাম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বীর নগর এলাকার মৃত বাচ্চা মোল্লার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ২০১৭ সালের ১৪ জুলাই বেলা ১১টার পর ১০ টাকা দেওয়ার ও টিভি দেখানোর প্রলোভন দিয়ে ৭ বছর ও ৯ বছরের বয়সের দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায় আবু সালাম। ওই দুই শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে এতে ওই শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে কৌশলে শিশুদেরকে বাড়ি থেকে বের করে দেয়।

এ সময় ওই শিশুরা নিজ বাড়িতে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পরিবারের লোকজন বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করে। এসময় গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত আবু সালামকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করে ওই শিশুদ্বয়ের পরিবার।

ওই ধর্ষণ মামলায় আবু সালাম জামিন নিয়ে আত্মগোপন করেন। উক্ত ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামি আবু সালামকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

পুলিশ সুপার মীর মনির হোসেন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারে যে সাজাপ্রাপ্ত আসামি আবু সালাম দীর্ঘদিন ধরে আত্মগোপন করে বগুড়া জেলার গাবতলী পৌরসভার মাস্টারপাড়ার এলাকায় অবস্থান করছে।

সোমবার বেলা আড়াইটার দিকে গাবতলী পৌরসভার মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সালামকে গ্রেপ্তার করে এবং রাতেই তাকে পাঁচবিবি থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।