ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন সরাইল সদরের নিজ সরাইল গ্রামের লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) ও শরীফ (১৬)।
সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়ির দেয়াল নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রি লোকমান ও তার সহযোগীরা। বিকেল সাড়ে ৩টার দিকে রডের সঙ্গে বাড়ির ত্রুটিপূর্ণ বিদ্যুতের তার লেগে রডটি বিদ্যুতায়িত হয়। এ সময় ওই শ্রমিকরা রডের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, খোঁজখবর নিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।