এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তাই আজ লাহোরে আফগানিস্তানকে হারালে কোনো রকম হিসাব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে তারা। তবে আফগানিস্তান ম্যাচ জিতলেও সুযোগ থাকছে লঙ্কানদের। বড় ব্যবধানে হারাতে পারলে বি গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হিসেবে অপর দল হতে পারে আফগানরাও।
ওয়ানডেতে শেষ ১১ ম্যাচে অপরাজিত শ্রীলঙ্কা। প্রশ্ন হচ্ছে কেমন ব্যবধানে জিততে হবে আফগানদের। ধরে নেওয়া যাক প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলল ২৭৫ রান। তবে তাদের জিততে হবে ৬৮ বা তার বেশি রানে। আর যদি পরে ব্যাট করে আফগানিস্তান, টার্গেট থাকে ২৭৫, তখন আফগানদের লক্ষ্যে পৌঁছাতে হবে ৩৫ ওভার বা তার কম সময়ে।
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে লঙ্কানরাই। ১০ ম্যাচের ৬টি জিতেছে শ্রীলঙ্কা। তিনটিতে জয় আফগানিস্তানের। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়।