সুপার ফোরে ভারত

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে নেপাল ২৩০ রানে অলআউট হয়। ভারত ২ ওভার ১ বলে ১৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পরে বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। ১৭ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় রোহিত শর্মার দল।

২৩১ রানের লক্ষ্যে নেমে নেপালি পেসার কারানের করা প্রথম ওভারটা দেখেশুনে খেলেন অধিনায়ক রোহিত। দ্বিতীয় ওভারে চড়াও হন শুভমান গিল। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল দুই ঘণ্টার মতো। তবে বৃষ্টি শেষে ফের খেলা শুরু হলে নেপালকে কোনো সুযোগই দেননি ভারতীয় দুই ওপেনার। ৩৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি তুলে নেন রোহিত। গিলও ওয়ানডেতে নিজের সপ্তম ফিফটি পূরণ করেন ৪৭ বলে। শেষ পর্যন্ত রোহিত ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫ ছক্কা। গিল ৮ চার ও ১ ছক্কায় ৬২ বলে অপরাজিত ছিলেন ৬৭ রানে। জয় থেকে ২ রান দূরে থাকতে বাউন্ডারি মারেন গিল।

এর আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান রোহিত। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ভারতীয় ফিল্ডাররা তিনটি ক্যাচ ফেলেন! সুযোগটা কাজে লাগায় নেপাল। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। কুশাল ভুর্তেলের (৩৮) বিদায়ে জুটি ভাঙে। নেপালের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন আসিফ শেখ। এ ছাড়া সোম্পাল কামি ৪৮ ও দিপেন্দ্র সিং ২৯ রান করেন।

ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪০ রানে নেন ৩ উইকেট। মোহাম্মদ সিরাজও নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন রোহিত শর্মা।