গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মাংস ব্যবসায়ী আরিফ হোসেনের করা মামলায় মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন ওরফে মেঘলাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী থানার পুলিশ মেঘলাকে গ্রেপ্তার করার পর আদালতে পাঠালে তাকে জেলহাজতে পাঠানো হয়। মেঘলা গাংনী বাজারপাড়ার মৃত ওয়াজ মন্ডলের ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মকবুল হোসেনের বিরুদ্ধে মাংস ব্যবসায়ী আরিফ গাংনী থানায় প্রতারণা মামলা করেন। মামলায় উল্লেখ আছে যে, মকবুল হোসেন মেঘলা তার মেয়ের বিয়ের সময় এক লাখ টাকার মাংস বাকিতে ক্রয় করেন। দীর্ঘদিন যাবৎ তিনি ওই টাকা পরিশোধ করেন না। উপরন্তু বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন। দিন পনের আগে টাকা চাইতে গেলে বিএনপি নেতা মকবুল হোসেন মেঘলা ওই মাংস ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ ঘটনায় গাংনী থানা পুলিশ মেঘলাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।