কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজীবপুর সদর ইউনিয়নের খাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোজাম্মেল হক (২৭)। তিনি উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া গ্রামের জাবেদ আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজীবপুর উপজেলা শহর থেকে পাখিউড়া বাজারে দুটি মোটরসাইকেল পাশাপাশি দিয়ে যাচ্ছিলেন। খাজারঘাট এলাকায় দুই মোটরসাইকেল নিয়ন্ত্রিত হারিয়ে সড়কের গাছের সঙ্গে ধাক্কা গেলে খাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জহুরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।